মন ভালো নেই ঋতুর

আসন্ন শারদীয় দুর্গা উৎসবে সবখানে যেমন সাজ সাজ রব, সবাই যেখানে নতুন নতুন পরিকল্পনা সাজাচ্ছেন সেখানে সব রঙ যেন ফিকে হয়ে গেছে টলিউড অভিনেত্রী ও প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত। মায়ের অনুপস্থিতি তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। 

গত তিন মাসে একের পর এক ছবি মুক্তি পেয়েছে ঋতুপর্ণার। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও মায়ের স্মৃতি ভুলতে পারছেন না তিনি। ভারতীয় এক গণমাধ্যমে এ বিষয়ে অভিনেত্রী আবেগঘন কণ্ঠে বলেন, ‘পূজার সময় মায়ের একটাই প্রশ্ন থাকত আমি কখন আসব? এখন আর মা বলারই কেউ নেই। সব নিভে গেল।’ 

শুধু স্মৃতিই নয়, মায়ের সঙ্গে কাটানো প্রতিটি পুজোর মুহূর্ত চোখের সামনে ভেসে উঠছে ঋতুপর্ণার।তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘মা অপেক্ষা করতেন আমি পূজার চার দিন একসঙ্গে খাওয়াদাওয়া করব, অনুষ্ঠান দেখব, ঢাক বাজানো উপভোগ করব। ছোটদের আদর করতেন মা। সেগুলো মনে পড়বে বারবার।’ 

বাবা চলে যাওয়ার পর ভাই মহালয়ার সকালে তর্পণ করেন। এবার থেকে কি তিনি-ও তর্পণ করবেন—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি তো এখনও ভাবতেই পারছি না, মা নেই। তাই তর্পণের কথা ভাবতে পারছি না।’ সম্ভবত এ বছর বিদেশেই পূজা কাটাবেন তিনি ।