চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রসফিলিং কারখানায় বিস্ফোরণ ঘটনায় দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারা মারা যান।
তারা হলেন-চন্দনাইশের ছৈয়দাবাদ এলাকার মো. ইদ্রিস (২৬) ও কক্সবাজার জেলার মো. ইউসুফ (৩০)।
মৃত ইদ্রিসের ছোট ভাই আবু তালহা বলেন, আমার বড় ভাই মারা গেছেন। তার সঙ্গে আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা এখন মরদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করছি।
১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে সাতকানিয়া ও চন্দনাইশ সীমান্তবর্তী চরতী চর এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে ১০ জন দগ্ধ হন। আহতরা হলেন-অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামের মালিক মাহাবুবুর রহমান (৪৭), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মো. কফিল (২২), মো. রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫), মো. লিটন (২৮) ও মো. ছালেহ (৩৩)। তারা চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গোলাম জানান, হতাহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।