চন্দনাইশে মাদক মামলায় যুবকের ১০ দিনের কারাদণ্ড

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

চট্টগ্রাম জেলার চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় মো. রিপন (৩৫) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ১৭৭/২৬ নম্বর মামলায় অভিযুক্ত মো. রিপনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত রিপন চন্দনাইশ উপজেলার রৌশন হাট এলাকার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

চন্দনাইশ থানার ওসি এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তার করা আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত