চট্টগ্রাম চেম্বার নির্বাচন

২৪ পরিচালক পদের জন্য ৭১ জনের মনোনয়ন পেশ

অবশেষে বেজে উঠেছে চট্টগ্রামের ব্যবসায়ীদের শতবর্ষী সংগঠন ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনের দামামা। সংগঠনের আগামী নেতৃত্বের জন্য চার ক্যাটাগরি থেকে ২৪ জন পরিচালকের পদের বিপরীতে শনিবার ৭১ জন ব্যবসায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেম্বার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘোষিত তফশিল অনুযায়ী শনিবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। জমাকৃত মনোনয়নপত্রগুলো ২৩ সেপ্টেম্বর বাছাই ও ২৫ সেপ্টেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৮ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ রাখা হয়েছে। আগামী ১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম চেম্বার নির্বাচন বোর্ডের সদস্য মাহমুদ হাসান দেশ রূপান্তরকে বলেন, চারটি ক্যাটাগারিতে মোট ৭২ জন মনোনয়ন ফরম গ্রহণ করেছিলেন। এদের মধ্যে ৭১ জন মনোনয়ন ফরম জমা করেছেন। অর্ডিনারি গ্রুপ ক্যাটাগরিতে ৪৮ জন, অ্যাসোসিয়েট গ্রুপ ক্যাটাগরিতে ১৭ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশনে ৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেম্বারের সঙ্ঘবিধি অনুসারে অর্ডিনারি গ্রুপ থেকে ১২ জন, অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন, ট্রেড গ্রুপ থেকে ৩ জন ও টাউন অ্যাসোসিয়েশন থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হবার কথা হয়েছে। নির্বাচিত পরিচালকগণ সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করবেন।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসায়ীদের আন্দোলনের মুখে গত বছর সেপ্টেম্বরে তৎকালীন পরিচালনা বোর্ড পদত্যাগ করে। এরপর থেকে প্রশাসক দিয়ে চেম্বারের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর একাধিক ব্যবসায়ী তাদের প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিন অনেকটা একনায়কতন্ত্র চলেছিল চেম্বারে। এক ব্যক্তির আঙ্গুলের ইশারায় গঠিত হতো চেম্বার পরিচালনা বোর্ড। নিজের মতো করে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেত না। দীর্ঘদিন পর ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠানে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেয়েছে।