গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় অনুমোদনহীন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিংয়ের (এক সিলিন্ডার থেকে আরেকটায় গ্যাস ভরা) কারখানায় এলপি গ্যাস সিলিন্ডার গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ ১০ জনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাতে ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত দুজন হলেন চন্দনাইশের ছৈয়দাবাদ এলাকার মো. ইদ্রিস (২৬) ও কক্সবাজার জেলার মো. ইউসুফ (৩০)।

মারা যাওয়া ইদ্রিসের ছোট ভাই আবু তালহা জানান, ‘আমার বড় ভাই ইন্তেকাল করেছেন। আমরা এখন লাশ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করছি।’

গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে চন্দনাইশ ও সাতকানিয়ার সীমান্তবর্তী চরতী চর এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দোকানের মালিক-শ্রমিকসহ ১০ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।