বাঁশখালীতে অটোরিকশা উল্টে মোহাম্মদ নাজিদ (২২) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিদ শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমদ কবিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজিদ নিজে চালক হয়ে অটোরিকশা নিয়ে শেখেরখীল থেকে চাম্বল বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার রিকসায় জাহাঙ্গীর নামে এক যাত্রীও ছিলেন। প্রধান সড়কের চেয়ারম্যান ঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে চালক নাজিদ সড়কের পাশে পড়ে গিয়ে বড় একটি পাথরের সঙ্গে মাথায় আঘাত পান এবং গুরুতর জখম হন। এ সময় উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ বড়ুয়া জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নাজিদ মারা গেছেন। মাথায় গুরুতর আঘাত ও রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহতের আত্মীয় আব্দুর রশিদ জানান, “নিজের অটোরিকশা উল্টে গিয়ে নাজিদ মারা গেছেন। আমরা মরদেহ বাড়িতে নিয়ে এসেছি।
পারিবারিক সূত্রে জানা যায়, নাজিদ দুই বছর আগে বিয়ে করেছিলেন। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি সম্প্রতি দেড় লাখ টাকায় কিস্তিতে অটোরিকশাটি ক্রয় করেছিলেন। তিন মাসের কিস্তি পরিশোধ করলেও এখনও কয়েক মাস বাকি থাকায় কিস্তি শোধ হয়নি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিজের গাড়ি উল্টে গিয়ে সড়কে পড়ে তার মৃত্যু হয়। লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি তাই একটি অপমৃত্যু করা হবে বলে তিনি জানান ।