নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতা মুছা মিয়ার বিরুদ্ধে। বিষয়টি মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জামায়াত নেতা আব্দুল মতিন। বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মুছা মিয়ার বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে পাওয়া জমি ভোগদখল করছেন। সম্প্রতি তার ভাই আলী হোসেনের কাছ থেকে মুছা মিয়া সাড়ে ৩ শতাংশ জমি কিনলেও তিনি ২৮ শতাংশ জমি দখলের চেষ্টা করছেন। রবিবার বিকেলে মুছা মিয়ার নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ওই জমিতে দেয়াল নির্মাণের চেষ্টা করে। এ ঘটনায় আবুল হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। জমি দখলের বিষয়টি ভুক্তভোগী থানায় জানানোর পাশাপাশি বারদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আব্দুল মতিনকেও জানানো হয়। পরে পুলিশ ও জামাত নেতা উভয়ের দ্বন্দ্বের মীমাংসায় বসেন। বৈঠকের মধ্যেই অভিযুক্তরা পুলিশের উপস্থিতিতে জামায়াত নেতা আব্দুল মতিনকে পিটিয়ে আহত করেন। এ সময় তার সঙ্গে থাকা সাড়ে ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহত জামায়াত নেতা আব্দুল মতিন বলেন, জমি বিরোধ মেটাতে গিয়ে অর্তকিত হামলার শিকার হয়েছি।
অভিযুক্ত বিএনপি নেতা মুছা মিয়া দাবি, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বাড়ি ছাড়া থাকায় জমি দখল করতে পারিনি। তবে বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় সম্পত্তি দখলে নিয়েছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। উভয় পক্ষকে জমির সঠিক কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে। যাচাই বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।