একটি করে ম্যাচ খেলে ফেললেও এখনো এশিয়া কাপের সুপার ফোর পর্বে জয়শূন্য দুই দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান। ভারতের বিপক্ষে পাকিস্তান আন্ডারডগ হলেও সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফেভারিট ছিল শ্রীলঙ্কা। কিন্তু ওই ম্যাচে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের বিপক্ষে চার উইকেটে হেরে বসে শ্রীলঙ্কা। আজ এ দুটো দেশই মুখোমুখি হবে নিজেদের ম্যাচে। অলিখিত সেমিফাইনাল হিসেবে মনে করা ম্যাচটিই এখন দুদলের জন্য হয়ে গেছে বাঁচা-মরার লড়াই।
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বের সমীকরণে বেশ উত্তেজনা নিয়ে এসেছে বাংলাদেশ। চার দলের রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের সেরা দুটি দল মুখোমুখি হবে আগামী রবিবারের ফাইনালে। টি-টোয়েন্টি ফরম্যাটে সাধারণত কাউকে আগেভাগে নিরঙ্কুশ ফেভারিট বলা যায় না। তারপরও মাঠের খেলার বিবেচনায় এই আসরে ভারত সেই দল। ‘বি’ গ্রুপের ম্যাচে লঙ্কানদের সামনে অসহায় আত্মসমর্পণ করা বাংলাদেশ পরের ম্যাচে আফগানিস্তানকে হারায়। আর শেষ ম্যাচে লঙ্কানরাও আফগানদের পরাস্ত করায় সুপার ফোরে নাম লেখাতে সক্ষম হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিলের দুইয়ে অবস্থান লিটন দাসদের, নেট রানরেট ০.১২১। নেট রানরেটের প্রসঙ্গ তোলার কারণ, শেষপর্যন্ত ফাইনালে কে যাবে সেই প্রশ্নের উত্তরে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই প্রপঞ্চটি।
আফগান ম্যাচের মতো আজকের ম্যাচেও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা চাইবেন শ্রীলঙ্কার জয়। ক্রিকেটে কিছুর নিশ্চয়তা না থাকলেও এই সমীকরণে ধরে নেওয়া হচ্ছে ভারত তাদের বাকি দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাবে। তাতে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তবে ওই ম্যাচে বাংলাদেশ যদি হেরে যায় তাহলেই জমে উঠবে সুপার ফোরের সমীকরণ। সে ক্ষেত্রে তিনটি দেশেরই থাকবে একটি করে জয়। আর সেরা কে হবে তা নির্ধারিত হবে নেট রানরেটের হিসাবে। তবে আজকের ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানের কাছে শ্রীলঙ্কা হেরে গেলে, কাগজে-কলমে না হলেও কার্যত এশিয়া কাপ থেকেই ছিটকে পড়তে হবে সিংহদের। তখন বৃহস্পতিবারের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে উঠবে অলিখিত সেমিফাইনাল।
অবশ্য ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ভুলে যেতে চেয়েছেন বাংলাদেশের কাছে হারের স্মৃতিকে। বলেন, ‘আমাদের সামনের দিকে তাকাতে হবে। পরের ম্যাচ দুটো জিততে পারলে আমরা অনায়াসে ফাইনাল খেলতে পারব।’ আগের দুটো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অংশ না নেওয়া পাকিস্তান এই ম্যাচের আগে ঠিকই এসে সময় দেন সাংবাদিকদের। সেখানে ওপেনার সাহিবজাদা ফারহান জানালেন, এশিয়া কাপের ফাইনালে পৌঁছাতে দল আত্মবিশ্বাসী। বলেন, ‘ভারত ম্যাচের ব্যাটিং দেখে ছেলেরা আত্মবিশ্বাসী। উইকেট ভালো, বল ব্যাটে আসছে। যেহেতু ম্যাচটা বাঁচা-মরার মতো, আমরা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’ টি-টোয়েন্টিতে দুদলের ২৩ দেখায় এগিয়ে আছে পাকিস্তান। তারা জিতেছে ১৩টি ম্যাচে। শ্রীলঙ্কা জিতেছে ১০ বার।