সুস্থ হয়ে আবার পুরোপুরি গানের জগতে ফিরছেন দেশের সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিন। তবে গান, গানের দুনিয়া এবং শিল্পীদের নিয়ে সরকারের উদাসীনতা নিয়ে প্রায়ই নিজের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ‘গানের পাখি’ উপাধি পাওয়া বরেণ্য এই গায়িকাকে। এবার শিল্পীদের অবমূল্যায়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা সাবিনা ইয়াসমিন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে নতুন গান রেকর্ডিং অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশে শিল্পীদের কদর কোনোদিন ছিল না, এখনো নেই। যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি গানবাজনার কিছু না বোঝেন, মূল্য না দেন তাহলে তো আমাদের (শিল্পী) করার কিছু নেই। জোর করে কিছু হবে না। আমাদের এন্ড্রু কিশোর, সুবীর নন্দীর মতো এত ভালো শিল্পী ছিল, তাদের কিছু কিছু গান তো আর্কাইভ করে রাখা যেত। এগুলোর কথা তো কেউ চিন্তা করে না। সবশেষ ফরিদা পারভীন নিভৃতে চলে গেলেন, তার মতো শিল্পী কি আর আসবে? এটা আমাদের দুর্ভাগ্য।’
জীবন্ত এই কিংবদন্তি আরও বলেন, ‘লতা মঙ্গেশকরের পা ধরে প্রণাম করেন মোদি (নরেন্দ্র মোদি), কিন্তু এদেশ শিল্পীর কদর করে না। তারা সম্মান জানিয়ে গানকে কোথায় নিয়ে গেছেন বলে বোঝাতে পারব না। কিন্তু আমাদের দেশে সরকারিভাবে সেটা কখনো পেয়েছি? কত বড় বড় শিল্পী ছিলেন আমাদের মাঝে। বিশেষ করে পুরুষ শিল্পীদের তো কেউ নেই। নারীদের মধ্যে এখনো দু’চারজন আছেন।’
চলচ্চিত্রের সবার প্রতি কৃতজ্ঞতাও জানান একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান এই সংগীতশিল্পী। ব্যক্তিগত আক্ষেপ না থাকলেও শিল্পীদের গানের রয়্যালিটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘অন্যান্য দেশে থাকলেও আমাদের এখানে গানের রয়্যালিটির সুব্যবস্থা নেই। সরকার এদিকে সুদৃষ্টি না দিলে ঠিক হবে না। আবদুল আলীম, রহমান বয়াতি থেকে বহু শিল্পীর পরিবার রয়্যালিটি পেলে অনেক ভালো থাকতেন। যদি এই সিস্টেমটা ঠিক হত তাহলে শিল্পীরা ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত থাকতে পারত।’