জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের কটূক্তির অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে তাসনিম জারা বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কাজ নতুন কিছু নয় এবং এভাবে নারীদের দমিয়ে রাখতে পারবে না।
স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানা নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, এটা আসলে নতুন না, আমরা গত বছর থেকেই দেখেছি, যেসব নারীরা অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এখন রাজনীতিতে প্রবেশ করেছে, তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটূক্তি, হেয় প্রতিপন্ন করা ও চরিত্র হননের চেষ্টা আওয়ামী লীগ থেকে ছিল। সেটাই আজ আবারও প্রকাশিত হলো। কিন্তু এটা নারীদের দমাবে না। আমরা আছি, আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছে, আরও অনেকে যুক্ত হবে।
এনসিপির এ যুগ্ম আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এই চরিত্র যেখানে তারা নিজেদের আসল রূপ দেশে ও বিদেশে স্পষ্ট করছে, এতে তাদের সমর্থন না বাড়িয়ে বরং সমালোচনাই বাড়বে।
তাসনিম জারা বলেন, আমরা এখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এসেছি। এছাড়া প্রবাসীদের সঙ্গে একটি বিশেষ অনুষ্ঠানও রয়েছে। আমরা সকল বাংলাদেশির সঙ্গে দেখা ও কথা বলতে আগ্রহী।
উল্লেখ্য, এর আগে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে আখতার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
