গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামাবাজার তুরাগ নদীর পাড়ে স্থাপিত একটি ম-পে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে মহানগর পুলিশ।
তারা হলো রাকিব হাসান পাটোয়ারী (১৩)। সে কাশিমপুর থানাধীন রবিদাসপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের ছেলে। রাকিব স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত। অন্যজন একই এলাকার শাহজালালের ছেলে নাজমুল ইসলাম (১৩)। কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে কারিগররা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। এই ক্ষোভ থেকে প্রতিমা ভেঙেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে তারা।
ওসি মনিরুজ্জামান বলেন, তদন্তকালে তাদের উভয়ের সম্পৃক্ততা পাওয়ায় সোমবার রাতে প্রথমে রাকিবকে ও মঙ্গলবার ভোরে নাজমুলকে আটক করা হয়।
গত বুধবার সন্ধ্যায় ম-পের কয়েকটি আংশিক প্রস্তুত প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান পূজা কমিটির সদস্যরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, আটকরা যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।