যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিউ ইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেছেন, এ হামলার সঙ্গে কূটনৈতিক মিশনের কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারেন। গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে অবিলম্বে নিউ ইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ ও ‘ফ্যাসিবাদী জামানায় নিযুক্ত আওয়ামী দোসরদের’ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ করারও দাবি জানান তিনি।
নাহিদ বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমরা বসব এবং তার থেকে আমরা জবাবদিহি চাইব। কেন বারবার এ ঘটনাগুলো ঘটছে দেশের বাইরে? আমরা বিভিন্ন সময়ে দেখছি, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে, সেটা নিয়ে নানা বিতর্ক হচ্ছে। ফ্যাসিবাদী জামানায় যারা যারা নিয়োগ পেয়েছিল, তাদের সম্পূর্ণরূপে অপসারণ হয়নি বা তারা থেকে গেল, কেন থেকে যাচ্ছে সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি।’
তিনি বলেন, ‘আখতার হোসেনের ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলমসহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতর ও বাইরে হেনস্তা করা হয়েছে। আর এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্তাব্যক্তিরাই জড়িত আছে।’
শাহবাগে এনসিপির বিক্ষোভ, আ.লীগ নিষিদ্ধের দাবি : এদিকে আখতার হোসেনের ওপর হামলা এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামন থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হওয়া সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন।
বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিচারের দাবি তুলে এনসিপি নেতারা বলেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ দেশে ও বিদেশে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে হামলা করা হচ্ছে। তাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি।