দুই মাস আগেই অ্যাশেজের দল ঘোষণা ইংল্যান্ডের

অ্যাশেজ সিরিজ শুরু হতে আরও দুই মাস বাকি, এর আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বাধীন দলে ফিরেছেন পেসার ম্যাথিউ পটস ও অলরাউন্ডার উইল জ্যাকস। আঙুলের চোট কাটিয়ে জ্যাকস অ্যাশেজের মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার বেন স্টোকস।

পটস সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে জ্যাকসের সর্বশেষ টেস্ট ছিল ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এবার ব্যাট হাতে নিজের জাত চেনাতে মুখিয়ে থাকবেন এই তরুণ অল-রাউন্ডার। অলিভার পোপের পরিবর্তে হ্যারি ব্রুককে করা হয়েছে দলের নতুন সহ-অধিনায়ক।

চোট সারিয়ে ফিরেছেন মার্ক উড। আঙুলের ইনজুরিতে ভোগা তরুণ স্পিনার শোয়েব বশিরও দলে জায়গা পেয়েছেন।স্টোকসের পাশাপাশি দলে আছেন অভিজ্ঞ ব্যাটার জো রুট, জ্যাক ক্রলি, বেন ডাকেট ও পোপ। উইকেটকিপার হিসেবে থাকবেন জেমি স্মিথ। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন জোফ্রা আর্চার, তার সঙ্গে আছেন ব্রাইডন কার্স, গাস অ্যাটকিনসন, জশ টাং, উড ও পটস। একাদশে ফ্রন্টলাইন স্পিনার হিসেবে থাকবেন বশির।

অন্যদিকে, কাঁধের ইনজুরিতে থাকা ক্রিস ওকসকে রাখা হয়নি অ্যাশেজ স্কোয়াডে। ভারতের বিপক্ষে ওভাল টেস্টে ফিল্ডিং করার সময় তিনি চোট পান। পরবর্তীতে বাঁ-হাত স্লিংয়ে ঝুলিয়ে ব্যাট করতে নেমে দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। আগামী ২১ নভেম্বর অপটাস স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্ন ঘুরে সিরিজ শেষ হবে জানুয়ারির শুরুতে সিডনিতে।

ইংল্যান্ডের অ্যাশেজ দল: বেন স্টোকস (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জেকব বেটেল, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলিভার পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, মার্ক উড।