এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের টানা ৬ষ্ঠ জয়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

লা লিগায় দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয়ের স্বাদ পেয়েছে জাবি আলোনসোর দল। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল তারা।

ম্যাচে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে প্রথম গোল করেন তিনি। দুই মিনিট পর আর্দা গুলারের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যক্তিগত দ্বিতীয় এবং মৌসুমের সপ্তম লিগ গোল তুলে নেন তিনি।

এর আগে ১৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক শটে এগিয়ে যায় রিয়াল। বক্সের বাইরে থেকে বাইরের পায়ে মারা শটে জালের কোণে বল জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার। কিছুক্ষণ পরই সতীর্থ ফ্রাঙ্কো মাস্তানুয়োনোকে অ্যাসিস্ট করেন তিনি। আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড ভলি শটে জালের ছাদে বল জড়িয়ে নিজের প্রথম লা লিগা গোলের দেখা পান। মাত্র ১৮ বছর বয়সে গোল করে ভিনি জুনিয়রকেও পেছনে ফেলে রিয়ালের চতুর্থ কনিষ্ঠতম লা লিগা গোলদাতা হিসেবে নাম লেখালেন তিনি।

৩২তম মিনিটে লেভান্তে একটি গোল শোধ করে। ইভান রোমেরোর ক্রস থেকে হেডে গোল করেন এট্টা এয়ং। তবে এমবাপ্পের দ্রুত দুটি গোল লেভান্তের প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ করে দেয়।

এই জয়ের মধ্য দিয়ে রিয়াল কোচ জাবি আলোনসো ক্লাবের দ্বিতীয় ম্যানেজার হিসেবে লা লিগার প্রথম ছয় ম্যাচে টানা জয় পাওয়ার রেকর্ড গড়লেন। সামনে সুযোগ রয়েছে ২০০৫ সালে ভ্যান্ডারলেই লুক্সেমবুরগোর সাত ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করার। শনিবার মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রিয়াল।

এদিকে, বার্সেলোনা বৃহস্পতিবার ওভিয়েদোর বিপক্ষে খেলবে। জয় পেলে তারা পয়েন্টের ব্যবধান কমাতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত