উচ্ছেদের আগেই উত্তেজনা ফিরে গেলেন বন কর্মকর্তারা

গাজীপুরের কালিয়াকৈরে বনের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দখলদারদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল সকালে উপজেলার চন্দ্রা বিট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উচ্ছেদ অভিযান না চলিয়ে ফিরে গেছেন অভিযানে আসা বন কর্মকর্তারা।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিট অফিসের আওতায় বন বিভাগের জমিতে দেদার উঠছে অবৈধ স্থাপনা। স্থানীয় বন অফিসের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের সঙ্গে যোগসাজশের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা গড়ে তুলছেন দখলদাররা। এ কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গতকাল সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এর নেতৃত্ব দেন চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম। এ সময় দখলদার লাল মিয়াসহ কয়েকজনের অবৈধ স্থাপনা উচ্ছেদের চেষ্টা করা হয়। এতে কিছু দখলদার ক্ষিপ্ত হয়ে বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার চেষ্টা করে। এ ঘটনায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দখলদারদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বন বিভাগের এক দালাল নাজমুল হাসানের মোটরসাইকেল আগুন জ¦ালিয়ে পুড়িয়ে দেয় বনের দখলদাররা।

এ ব্যাপারে চন্দ্রা বন বিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে আমরা ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালাই। কিন্তু উচ্ছেদের আগেই দখলদাররা উত্তেজিত হয়ে উঠলে আমরা চলে আসি। সরকারি কাজে বাধা দেওয়ায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’