নারায়ণগঞ্জে পৃথক ফ্ল্যাট থেকে ২ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি ফ্ল্যাট থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে ঋতু আক্তার (২৩) এবং পশ্চিম লামাপাড়া এলাকা থেকে ওয়াহিদুজ্জামান রাজীবের (৩৬) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। মৃত ঋতু আক্তার নেত্রকোনার কেন্দুয়ার ঘোলাইল গ্রামের কাসেম মিয়ার মেয়ে। আর মৃত ওয়াহিদুজ্জামান রাজিব (৩৬) পাবনার ঈশ্বরদী থানার দিয়ার সাহাপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরদারের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, হাজীগঞ্জ এলাকায় ইমাম উদ্দীনের ভাড়াটিয়া বাসার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন গার্মেন্টসকর্মী মাসুম মিয়া ও তার স্ত্রী ঋতু আক্তার। সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে ঋতু আক্তারের মৃতদেহ তার রুম থেকে উদ্ধার করা হয়। এ সময় মাসুম মিয়াকে পাওয়া যায়নি। অন্যদিকে দুপুরে পশ্চিম লামাপাড়া এলাকার বাবুল মিয়ার ভাড়াটিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে গার্মেন্টসের এক্সসরিজ ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান রাজিবের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়।