প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় আসরের টি-টোয়েন্টি ফরম্যাট আবার শুরু হচ্ছে শুক্রবার থেকে। তবে রাজশাহী ও বগুড়া বাদ দিয়ে এবার টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শুক্রবার সকাল ১০টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ও খুলনা। দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ঢাকা ও রংপুর।
নতুন করে শুরু করার আগে বৃহস্পতিবার দুপুরে একই ভেন্যুতে আয়োজন করা হয় ‘ক্যাপ্টেন্স মিট’। সেখানে উপস্থিত ছিলেন আট দলের অধিনায়করা। সবাই একবাক্যে জানিয়েছেন, এনসিএল টি-টোয়েন্টি তরুণ ক্রিকেটারদের জন্য বিপিএলের দরজা খোলার বড় সুযোগ।
ঢাকা মেট্রোর অধিনায়ক ও জাতীয় দলের বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ বলেন, “আমার দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে। ওদের জন্য এটা বড় সুযোগ। বিপিএলের আগে এখানে ভালো করলে নিশ্চয়ই ওরা সুযোগ পাবে। আশা করি, সবাই ভালো ক্রিকেট খেলবে।”
চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলি চৌধুরি রাব্বি একই সুরে বলেন, “এটা আমাদের ঘরোয়া ক্রিকেটারদের জন্য বড় একটা প্ল্যাটফর্ম। সবাই তো বিপিএল খেলতে পারে না। যারা এখানে ভালো খেলবে, তাদের জন্য নতুন দরজা খুলে যাবে।”
বরিশালের অধিনায়ক সালমান হোসেন ইমন মনে করেন, “বিপিএল যেহেতু বড় প্ল্যাটফর্ম, সেখানে খেলার সুযোগ সবার হয় না। তাই নতুনদের জন্য এই টুর্নামেন্ট একটা বড় সুযোগ।”
রাজশাহীর অধিনায়ক ও জাতীয় দলের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত অবশ্য নতুন খেলোয়াড় উঠে আসা নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ। তার ভাষায়, “এখনই বলা খুব তাড়াতাড়ি হবে যে এখান থেকে কতজন খেলোয়াড় উঠে আসবে। টুর্নামেন্টের মান যত বাড়বে, ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে পারব, তত ভালো ক্রিকেটার তৈরি হবে। শুধু এক ভেন্যুতে নয়, বিভিন্ন ভেন্যুতে খেলতে পারলে খেলোয়াড়রা মানিয়ে নিতে শিখবে।”
কদিন আগে রাজশাহী ও বগুড়ায় এই টুর্নামেন্ট শুরু করা হলেও একটি ম্যাচ, তাও ৫ ওভারে অনুষ্ঠিত হয়। বাকি দুটি ম্যাচ পন্ড হয় বৃষ্টিতে। পন্ড হওয়া ম্যাচগুলোতে দলগুলো পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।