চট্টগ্রামে হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কিডস হ্যাভেন কিন্ডারগার্টেনের পাশে ইউসুফ ম্যানশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ মোসলেহ উদ্দিন (৩০)। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বর্তমানে তিনি বহদ্দারহাটের বাড়ইপাড়ার ইউসুফ ভবনে বসবাস করছিলেন।

চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ মোসলেহ উদ্দিন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন। অভিযানে সংগঠনটির বিভিন্ন প্রচার সামগ্রী উদ্ধারের পাশাপাশি একটি ডিভিডি প্লেয়ার, প্রিন্টার, মনিটর ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা হয়েছে।