জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপে ঘটনায় অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক ও নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ জামিনের আবেদন নাকচ করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতারের ওপর নিউ ইয়র্কে ডিম নিক্ষেপে মোজাম্মেল হক বিকাশে টাকা পাঠিয়েছেন। তারা দেশকে অস্থিতিশীল করতে আইনশৃঙ্খলার বিঘœ ঘটাতে, দেশকে অস্থির করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসামি মোজাম্মেলের পক্ষে কোনো আইনজীবী ছিল না। তিনি আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। আদালতকে বলেন, ‘আমার বয়স ৭০ বছরের বেশি। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত। ৫ আগস্টের পর কোনো রাজনীতিতে জড়িত ছিলাম না। বাঁচার তাগিদে রিমান্ড নামঞ্জুরের আবেদন করেন।’ তিনি বলেন, ‘শরীর অত্যন্ত খারাপ। আমাকে বাঁচতে দিন। বাঁচার সুযোগ করে দিন। কৃতজ্ঞ থাকব। দরকার হলে গুলশান থানায় যাব, সেখানে থাকব।’
মামলায় বলা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে ‘নিষিদ্ধ’ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে উসকানিমূলক সেøাগান দেয়। সে সময় তারা সড়কে ভাঙচুরের চেষ্টা করে জনমনে ভীতি সঞ্চার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, তাদের মোবাইল ফোনে ব্যবহৃত মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ পুলিশ দেখতে পেয়েছে, আসামিরা রাষ্ট্রকে ‘অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে সংগঠিত হওয়ার জন্য বিভিন্ন প্রচার-প্রচারণা চালাচ্ছে অভিযোগে গুলশান থানার এসআই মাহাবুব হোসাইন বাদী হয়ে এ মামলাটি করেন।
নিউ ইয়র্কে মামলা করলেন আখতার : এদিকে নিউ ইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। স্থানীয় সময় রাত ১টায় (বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায়) তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরসংলগ্ন পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা করেন।
মামলার বিবরণ দিয়ে আখতার হোসেন বলেন, এ মামলায় দুজনের নামসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তার অভিযোগ, ওইদিনের হামলার পরও বিমানবন্দরের লবি ও অন্যান্য জায়গায় তারা তাকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে। তাই তিনি এই মামলা করতে বাধ্য হন।
গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় আখতার হোসেন দাবি করেন, শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না।
প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউ ইয়র্কে অবস্থান করছেন। গত সোমবার বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের ওপর একদল ব্যক্তি শারীরিক ও মৌখিকভাবে হামলা চালায়। ওই সময় আখতার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তারা বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হন। আখতার হোসেনের চলতি মাসের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।