বাগেরহাটে থানা পুলিশের রিমান্ডে থাকা চুরি মামলার সন্দেহভাজন আসামি মোজাফফর শেখ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চুরির অভিযোগের একটি মামলায় মোজাফফরকে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করলে তাকে বাগেরহাট সদর মডেল থানায় নিয়ে আসে পুলিশ।
শুক্রবার সকালে চুরির মামলার আসামির মৃত্যুর খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সদর থানা পরিদর্শন করেছেন। মোজাফফর বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, গত ১৮ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি গ্রাম থেকে স্থানীয় গ্রামবাসী মোজাফফরসহ চারজনকে চোর সন্দেহে ধরে পুলিশে দেয়। পুলিশ তাদের সেদিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। চুরির মামলায় বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড চাইলে বিচারক শুনানি শেষে চারজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করে। আদালতের নির্দেশে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বাগেরহাট সদর থানায় নিয়ে আসা হয়।
শুক্রবার সকাল ছয়টার দিকে আসামি মোজাফফর গারদে বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্য হয়।