নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা ববি বেগম হত্যা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নরসিংদীর আদালতে রিমান্ড শুনানি শেষে রবিবার (১২ জুলাই) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসন এই আদেশ দেন।
রেলওয়ে পুলিশ জানায়, মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম নিহত হওয়ার ঘটনায় ৬ জুলাই রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়। মামলাটি হামলা ও লুটের অভিযোগে করা হলেও ববি বেগম মারা যাওয়ার পর হত্যা মামলায় রূপান্তর করা হয়।
পরে ৯ ও ১০ জুলাই যৌথ অভিযান চালিয়ে ভৈরব রেলওয়ে পুলিশ, নরসিংদীর র্যাব-১১ ও রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি) মেথিকান্দা রেলওয়ে স্টেশন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন দ্বীন ইসলাম (২৬), রিফাত মিয়া (২০), বিল্লাল মিয়া (২৫), সাকিব মিয়া (২৩) ও ইলিয়াছ মিয়া (৩৫)।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, গ্রেপ্তার পাঁচজনকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে পাঁচ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
গত ৪ জুলাই দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম। চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই তার মৃত্যু হলে হত্যা ও টাকা লুটের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।
স্থানীয়রা জানায়, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমেছিলেন বাক্প্রতিবন্ধী ববি বেগম। এরপর আর কোথাও যাননি। স্টেশনই হয়ে ওঠে তার স্থায়ী আশ্রয়। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করেই কাটিয়ে দেন জীবনের দীর্ঘ সময়।