সৈকতের ৩২ বলে ৬৪, মেট্রোর কাছে বড় হার চ্যাম্পিয়ন রংপুরের

দ্বিতীয় দফায় শুরু হওয়া এনসিএল টি-টোয়েন্টির দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ১৭১ রানের পুঁজি পেয়েছিল ঢাকা বিভাগ। সিলেট স্টেডিয়ামে সেই রান তাড়া করতে গিয়ে ১৭ বল বাকি থাকতেই ১০০ রানে গুটিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। তাতে ৭১ রানের জয় পায় ঢাকা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে বিদায় নেন ঢাকার ওপেনার আশিকুর রহমান শিবলী। জিশান আলম ও মাহিদুল ইসলাম অংকন কিছু রান করলেও তা ঠিক টি-টোয়েন্টি মেজাজে ছিল না। এর পরও ঢাকা ১৭১ রানের পুঁজি পায় আরিফুল ইসলাম ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ফিফটিতে। দুজন মিলে ৫০ বলের অবিচ্ছিন্ন জুটিতে রান এনে দেন ১০৪ রান। ৬ চার ১ ছক্কায় ৪৯ বলে ৫৯ রান করেন যুব দলের সাবেক অধিনায়ক আরিফুল ইসলাম। ম্যাচসেরা সৈকত ৫ চারের সঙ্গে ৪ ছক্কায় ৩২ বলে করেন ৬৪ রান।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৬৮ রান তুলতেই রংপুর বিভাগের ৮ ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। নবম উইকেটে ইনিংস সর্বোচ্চ ৩২ রানের জুটি হলে রানের অঙ্ক তিনের ঘর ছোঁয়। মুকিদুল ইসলাম মুগ্ধ ব্যাটিংয়ে না নামায় ওই ১০০ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস। ৩ উইকেট শিকার করেন তাইবুর রহমান। দুটি করে পান রিপন মণ্ডল ও নাজমুল অপু। সৈকত ও মাহফুজুর রাব্বী নেন একটি করে উইকেট। কাল প্রথম ম্যাচে সিলেট-বরিশাল ও দ্বিতীয় ম্যাচে ঢাকা মেট্রো-চট্টগ্রাম মুখোমুখি হবে।