মিজান-মিঠুসহ ১৫ জন ফিরে পেলেন বিসিবির কাউন্সিলরশিপ

 

 
 
 
 
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ে আলোচিত ১৫টি ক্লাব ফিরে পেয়েছে ভোটাধিকার। বৃহস্পতিবার আপীল শুনানী শেষে শুক্রবার প্রকাশ করা হয় বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। আপীলে জয়ী হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছেন দুদকের আপত্তির কারণে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৫ ক্লাবের কাউন্সিলররা।

ফলে ৬ অক্টোবরের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগে আর বাধা রইল না। আপীলে ভোটাধিকার ফিরে পাওয়া ভাইকিংস ক্রিকেট একাডেমির কাউন্সিলর ও বিদায়ী পরিচালনা পর্ষদের পরিচালক ইফতেখার রহমান মিঠু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে দেশ রূপান্তরকে জানিয়েছেন, এর ফলে নির্বাচন কমিশনের প্রতি তার আস্থা ফিরে এসেছে।

দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট দলের অভিযোগের প্রেক্ষিতে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে নির্বাচন কমিশন নিম্নলিখিত ১৫টি ক্লাবকে তালিকার বাইরে রেখে মোট ৬১টি ক্লাব নিয়ে ক্যাটাগরি-২ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ক্লাবগুলো হচ্ছে - এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার ক্রিকেট ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।

গুলশান ক্রিকেট ক্লাবের ভাইস-চেয়ারম্যান হিসেবে শুনানীতে অংশ নিতে এসে তামিম ইকবাল উদ্বেগ জানিয়েছিলেন এই ক্লাবগুলোতে খেলা ৩০০ ক্রিকেটারের জীবন ও জীবিকা নিয়ে। আপীল শুনানী শেষে নির্বাচন কমিশন মানবিক ব্যপারগুলো মাথায় রেখে এবং বিসিবি'র সংবিধান মেনেই এই ১৫ ক্লাবকে কাউন্সিলরশীপ ফিরিয়ে দিয়েছেন বলে মনে করেন বিদায়ী বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান, 'কাউন্সিলরশীপ ফিরে পেয়েছি এটা অত্যন্ত আনন্দের। একই সঙ্গে এই সিদ্ধান্ত সেই ৩০০ ক্রিকেটারের জীবনেও একটা বড় স্বস্তির জায়গা। কারণ কাউন্সিলরশীপ না পেলে কেউ তো আগামী ৪ বছর এই ১৫টা ক্লাবে বিনিয়োগ করত না। আমার কাউন্সিলরশীপ পাওয়া বা না পাওয়ার চেয়ে তাদের খেলা ও জীবিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা ফিরেছে। তারা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য তাদের সাধুবাদ জানাই। আমরা আশা করছি এই নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে।'

গুলশান ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন মিজানুর রহমান, এক্সিউম ক্রিকেটার্স থেকে ইসরাফিল খসরু, ঢাকা ক্রিকেট একাডেমি থেকে সৈয়দ মোহাম্মদ মোস্তাকিম রেজা, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব থেকে মীর ইকবাল ফয়সাল, নবাবগঞ্জ ক্রিকেট একাডেমি থেকে আনোয়ার হোসেন, পূর্বাচল ক্রিকেট ক্লাব থেকে সাকিফ আহমেদ সালাম, ওল্ড ঢাকা ক্রিকেটার্স থেকে ইব্রাহীম খলিল, ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে ইফতেখার রহমান, বনানী ক্রিকেট ক্লাব থেকে মিজানুর রহমান, নাখালপাড়া ক্রিকেটার্স থেকে লোকমান হোসেন ভুঁইয়া, মহাখালী ক্রিকেট একাডেমি থেকে রায়ান মইন, ধানমন্ডি ক্রিকেট ক্লাব থেকে মোহাম্মদ আকরাম হোসেন, আলফা স্পোর্টিং থেকে এম এ রিয়াজ, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব থেকে মোয়াজ্জেম হোসেন ও প্যাসিফিক ক্রিকেট ক্লাব থেকে তৌহিদুল হক তৌহিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত