ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ

নদী ও সাগরে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মংস্যজীবীরা। গতকাল শুক্রবার দুপুরে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের কাজিরবাজার ঘাটে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

এ সময় জেলেরা জানায়, নদী ও সাগরে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ ও ভারত ভিন্ন ভিন্ন সময়ে নিষেধাজ্ঞা দেয়। এ কারণে বাংলাদেশে যখন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলে, তখন ভারতের জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে জোর করে মাছ ধরে নিয়ে যায়। অন্যদিকে বাংলাদেশে যে সময়ে নিষেধাজ্ঞা দেওয়া হয় এ সময় ইলিশের পেটে কোনো ডিম থাকে না। ফলে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বিফলে যায়। নিষেধাজ্ঞার কারণে শুধু জেলেরাই নয়, ক্ষতির মুখে পড়ছেন আড়তদার, ব্যবসায়ী এবং স্থানীয় বাজারের মাছ বিক্রেতারাও।

জানা যায়, ভরা মৌসুমেও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে আশানুরূপ ইলিশের দেখা মিলছে না। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো জেলে পরিবার।