জাতীয় নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের তিন উপজেলায় ২০৭টি ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা শুরু হয়েছে। সভাগুলোতে শুধু ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন।
জানা গেছে, নেতৃত্বকে বলিষ্ঠ এবং তৃণমূল নেতাকর্মীদের কর্মীবান্ধব হয়ে ওঠার জন্য এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিতে বিএনপির সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন, ৩১ দফার ওপর আলোচনা হচ্ছে। একইসঙ্গে আগামী নির্বাচন ঘিরে বিএনপির নানা কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির গত মাসে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
গত বুধবার আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে বিকেল ৪টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরদিন বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৯০ ওয়ার্ডে একযোগে বিকেল ৪টায় সভা শুরু হয়। আজ শনিবার বিকেল ৪টায় তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।