স্টার কিড বলে কথা। চলচ্চিত্র দর্শকের কাছে যেন আব্রাম খান জয়ও একজন সেলিব্রিটি। কারণ ঢাকাই সিনেমার দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান জয়। জন্মের পর থেকেই তাকে ঘিরে সাধারণ দর্শক থেকে শুরু করে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকে। আজ ২৭ সেপ্টেম্বর ১০ বছরে পা দিল এই স্টার কিড। ছেলের জন্মদিন উপলক্ষে মা–বাবা দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের প্রতি ভালোবাসা জানিয়ে পোস্ট দিয়েছেন।
শাকিব খান ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন ছোট্ট রাজকুমার। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে। মনে রেখো, আমি সব সময় তোমার সাথে আছি, যখনই তোমার প্রয়োজন। অনেক ভালোবাসা আমার বাচ্চাটা।’