বিসিবির ‘পরিচালক’ হতে ‘নির্বাচক’ থাকছেন না রাজ্জাক রাজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আব্দুর রাজ্জাক রাজ। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশ রুপান্তরকে জানান সাবেক এই তারকা স্পিনার। বিসিবিতে তিনি তার পদত্যাগপত্রও জমা দিয়েছেন।

রাজ্জাক বলেছেন, “আমি ১৪ বছর জাতীয় দলে খেলার সম্মান পেয়েছি এবং চার বছরেরও বেশি সময় জাতীয় নির্বাচক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আমার মনে হচ্ছে, এখন এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে, যেন সুযোগ এলে আরও বড় পরিসরে সেই খেলায় অবদান রাখতে পারি, যে খেলা আমাকে এত কিছু দিয়েছে। আমি মনে করি, এটাই সঠিক পদক্ষেপ।”

জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন রজ্জাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তিনি প্যানেলের এক অমূল্য সদস্য ছিলেন এবং তার অস্বীকারযোগ্য অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমরা আশা করি, তিনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন।”

রাজ্জাকের পদত্যাগে বিস্মিত হয়েছেন নতুন নির্বাচক হাসিবুল হাসান শান্ত। কারণ, ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এ সময় নির্বাচকের এমন পদত্যাগ তাকে অবাক করেছে। এদিকে, পাঁজরের চোটে লিটন দাস আফগানিস্তান সিরিজে নাও থাকতে পারেন। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন—সেটিই এখন বড় প্রশ্ন।