ব্রুনোর পেনাল্টি মিস, এবারের ব্রেন্টফোর্ডের কাছ হারলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে চেলসিকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে আজ শনিবার আবারও হারলো রুবেন আমোরিমের দল। ব্রেন্টফোর্ড ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউকে। ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো জোড়া গোল করেন। আর পেনাল্টি মিস করেছেন ম্যানইউর ব্রুনো ফার্নান্দেজ।

ওল্ড ট্র্যাফোর্ডের দলটির বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের আনন্দে ভাসলো ব্রেন্টফোর্ড। গত মৌসুমের ফিরতি লেগে গেল মে মাসে ব্রেন্টফোর্ডের মাঠেই রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে ৪-৩ গোলে হেরেছিল ম্যানইউ।

আট মিনিটে ইগর থিয়াগো গোল করে এগিয়ে দেন স্বাগতিক ব্রেন্টফোর্ডকে। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। থিয়াগো পাস ধরেই এগিয়ে শট নেন কেভিন শাডা, গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালেও বল চলে যায় থিয়াগোর পায়ে। তার শটে ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি ম্যানইউর গোলকিপার আলতাই বায়িন্দির।

দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ২৬ মিনিটে একটি শোধ করে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। কাছ থেকে তৃতীয় প্রচেষ্টায় গোলটি করেন বেনজামিন সেসকো। তার প্রথম হেড ও প্রথম শট আটকে দেন ব্রেন্টফোর্ড গোলকিপার, তৃতীয়বার আর পারেননি তিনি। নিচু শটে গোলটি করেন স্লোভেনিয়ার ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পায় ম্যানইউ। ডি-বক্সে ব্রায়ান এমবোলো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু দু্র্বল স্পট কিকে গোলকিপারকে ফাকি দিতে পারেননি ম্যানইউর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ব্রেন্টফোর্ডকে আরও লিড এনে দেন ম্যাথিয়াস জেনসেন।

এবার প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে এটি ম্যানইউর তৃতীয় হার। আর ব্রেন্টফোর্ডের ৬ ম্যাচে দ্বিতীয় জয়।