বুলবুল তামিম ফারুক পাইলট রাজ্জাকসহ ৬০ জন হতে চান বিসিবির পরিচালক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে তিন ক্যাটাগরিতে সারা দেশের ৬০ জন মনোনয়নপত্র কিনেছেন। 

ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন। এ ছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন।

মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন। এই নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থী তামিম ইকবালের পক্ষে মনোনয়ন ফর্ম তুলেছেন তার প্রতিনিধি মিনহাজ উদ্দিন খান। তামিম ক্লাব ক্যাটাগরি দুইয়ে ক্লাব ওল্ড ডিও এইচ এস থেকে কাউন্সিলর হয়েছেন। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনোনয়নপত্র নিয়েছেন রেঞ্জার্স ক্রিকেট অ্যাকামেডির কাউন্সিলর হিসেবে। বিসিবির আম্পায়ার্স ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, মেরিনার ইয়াংসের কাউন্সিলর হিসেবে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম, দেবব্রত পালরাও গ্রহণ করেছেন মনোনয়ন ফর্ম।

ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। 

বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত