পদ্মায় নৌকা ডুবে একজনের মৃত্যু, দুজন নিখোঁজ

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্ম নদীতে নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সকালে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত জিতেন মন্ডলের (৬০) বাড়ি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তার মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদী পার হয়ে নির্মল চরে নেওয়া হয়। সমাহিত করার জন্য আত্মীয়স্বজন যাচ্ছিলেন আরেকটি নৌকায়। ২০-২৫ জন আত্মীয়কে নিয়ে নৌকাটি নদীর পাড়ের কাছাকাছি পৌঁছালে সেটি উল্টে স্রোতের তোড়ে ডুবে যায়। এ সময় তিনজন ছাড়া সবাই সাঁতরে পাড়ে উঠে আসেন। স্বজন ও স্থানীয়রা জিতেন ম-লকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মাকসুদুর রহমান জানান, নদীতে প্রচুর স্রোত। স্রোতের তোড়েই নৌকাটি ডুবে যায়। এরপর স্থানীয়রা নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল এসেছে। তারা চেষ্টা করছে উদ্ধারে। নদীর ওই এলাকা অনেক গভীর হওয়া এবং পানির স্রোত বেশি থাকায় উদ্ধারকাজ করতে ডুবুরিদের বেশ বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।