অন্তর্বর্তী সরকার খাদ্য মজুদে সচেষ্ট থাকবে: খাদ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার খাদ্য মজুদে সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় খাদ্য মজুদ বজায় রাখার পরিকল্পনা করেছে। এই সরকার যতদিন দায়িত্বে থাকবে, ততদিনের জন্য প্রয়োজনীয় খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা পূরণে সচেষ্ট থাকবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি নির্মাণাধীন খাদ্যগুদাম পরিদর্শনকালে খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, বর্তমানে আনোয়ারা উপজেলায় ১,০০০ মেট্রিক টন ধারণক্ষমতার একটি খাদ্যগুদাম রয়েছে, পাশাপাশি নতুন ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার গুদামের নির্মাণকাজ চলছে। আশা করা যাচ্ছে আগামী জুন মধ্যে কাজ শেষ। তখন খাদ্যগুদামের ধারণক্ষমতা আরও বাড়বে।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছনাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়সার আলী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি ও উপজেলা খাদ্য কর্মকর্তা জান্নাতুল আকসা।