এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচকে সামনে রেখে আজ অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৪ মিনিটের মধ্যে টিকিট সাধারণ গ্যালারির ১৮ হাজার টিকিট শেষ হয়ে যায়। বাফুফে থেকে এই তথ্য জানিয়েছেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল।
বাফুফে ভবনে টিকিট বিক্রি নিয়ে কথা বলতে গিয়ে তাজওয়ার আওয়াল জানান, 'সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজের পুরো টিকিট বিক্রি হতে সময় লেগেছে ২৪ মিনিট বা প্রায় আধা ঘণ্টা। দুই জায়গা মিলে ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।'
টিকিট বিক্রির ঘোষণা হওয়ার পরেই এভাবে টিকিট বিক্রি হওয়ায় কোনো কালোবাজারির শঙ্কা কিংবা ভিন্ন কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তাজওয়ার বলেন, 'এটা শতভাগ খুশির খবর। টিকিট খুব স্মুথলি সেল হয়েছে।' সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচে টিকিট ‘সোল্ড আউট’ হলেও গ্যালারিতে কিছু ফাঁকা আসন দেখা গিয়েছিল। এবারও তেমন আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাজওয়ার বলেন, 'সেদিন খেলার এক ঘণ্টা আগে গেট বন্ধ করে দিয়েছিলাম আমরা। এবারও তাই করব। কোনো দর্শক যদি সেই সময়ের মধ্যে প্রবেশ না করতে পারে, তাহলে আসন ফাঁকা থাকতে পারে।'
সিঙ্গাপুর ম্যাচের আগে দেখা যায় বাংলাদেশিদের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর ম্যাচের টিকিট কাটা হয়েছে। হংকংয়ের বিপক্ষে ম্যাচেও বাংলাদেশের পাশাপাশি জার্মানি থেকে প্রচুর টিকেট কাটা হয়েছে বলে জানিয়েছেন তাজওয়ার।
সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশ থেকেও অনেক টিকিট বিক্রি হয়েছিল। হংকংয়ের বিপক্ষেও জার্মানি থেকে উল্লেখযোগ্যসংখ্যক টিকিট কেনা হয়েছে বলে জানান তাজওয়ার।
অনলাইনে টিকিট বিক্রি থেকে কত টাকা এসেছে সে প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল বাফুফে কমিটির। তবে এ বিষয়ে কোনো তথ্য দেননি তাজওয়ার। তিনি বলেন, 'আগেও বলেছি, এটা আমার এখতিয়ার নয়। কারণ আমি নির্বাহী কমিটিতে নেই। ফাইন্যান্সের দায়িত্ব ইসি কমিটির।'
আগামী ৯ অক্টোবর হোম ম্যাচ খেলার পর ১৪ তারিখ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবেন জামাল ভূইয়ারা।