পদ্মা সেতুতে রেলওয়ে চালু হওয়ার ২ বছর পর প্রথমবারের মতো মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রেলওয়ে স্টেশনে থামলো কোনো ট্রেন। আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ উপজেলার বেঁজগাঁও স্টেশনে যাত্রাবিরতি করেছে আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস। ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে আসে।
এদিকে, প্রথমবার কোনো ট্রেন যাত্রাবিরতির মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। এই সেবা চালুর কারণে হাজার হাজার যাত্রী ট্রেনে ভ্রমণ করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এতে স্থানীয়দের মাঝে আনন্দ বিরাজ করছে। এমনকি নিজ উপজেলার রেলওয়ে স্টেশনে প্রথমবার কোনো ট্রেন যাত্রাবিরতি করার বিশেষ মুহুর্তের সাক্ষী হতে স্টেশন ও ট্রেন সংশ্লিষ্টজনদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা।
এসময় উপস্থিত ছিলেন মজিদপুর দয়হাটা কফিল উদ্দিন চৌধুরী ইনস্টিটিউটের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর খান, সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, ব্যবসায়ী মো. রুবেল খানসহ শিক্ষক, গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রীনগর রেলওয়ে স্টেশন মাষ্টার মো. হালিমুজ্জামান বলেন, এদিন রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ১৮ মিনিটে শ্রীনগর স্টেশনে যাত্রাবিরতি কথা থাকে। কিন্তু যান্ত্রিকত্রুটির কারণে প্রায় ২ ঘণ্টা দেরিতে ট্রেনটি শ্রীনগর স্টেশনে যাত্রাবিরতি করে। কয়েক মিনিট বাদে ট্রেন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়।
অন্যদিকে, পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা গুলোর সঙ্গে রেল যোগাযোগ নতুন দ্বার খুলতে মুন্সীগঞ্জের তিন উপজেলায় পৃথক তিন স্থানে নির্মিত হয়েছে রেলওয়ে স্টেশন। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরের বছর তথা ২০২৩ সালের ১ নভেম্বর এ সেতুর ওপর দিয়ে শুরু হয় ট্রেন চলাচল।
এরপর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে প্রতিদিন ছয় জোড়া আন্তঃনগর ট্রেনসহ একাধিক ট্রেন নিয়মিত চলাচল করে আসছে। অথচ শত কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলার তিনটি রেলস্টেশনের মধ্যে দু’টিতে সীমিত আকারে ট্রেন যাত্রাবিরতি করে থাকে। এরমধ্যে জেলার লৌহজং উপজেলার মাওয়া রেলস্টেশনে শুধুমাত্র নকশীকাঁথা লোকাল ও রাজশাহী রুটের মধুমতি এক্সপ্রেস যাত্রাবিরতি করে আসছিলো।