জাতিসংঘে পাকিস্তানের সমালোচনা জয়শঙ্করের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের হয়ে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্কের স্থানীয় সময় রবিবার দেওয়া এ বক্তব্যে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি।

পাকিস্তানকে ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন, বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের শেকড় একটি দেশে। যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কাজ করে, যখন সন্ত্রাসবাদের গুণ গাওয়া হয় তখন এ ধরনের কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।

পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে অভিহিত করে ভারতীয় মন্ত্রী অভিযোগ করেন, গত কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলোর জন্য পাকিস্তান দায়ী। তিনি বলেন, ভারত স্বাধীনতা থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত তার জনগণকে রক্ষায় তার আত্মরক্ষাকে ব্যবহার করেছে। এ ছাড়া যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনেছে। তিনি আরও বলেছেন, সন্ত্রাসবাদের অর্থায়নকে শ্বাসরোধ করতে হবে। সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে। যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশগুলোকে প্রশ্রয় দেয় তারা দেখবে সন্ত্রাসবাদ তাদেরই পাল্টা হামলা করছে।

এদিকে, ভারতের সঙ্গে পাকিস্তান আলোচনা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন শাহবাজ শরিফ। এর আগের দিন তিনি হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এ সময় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও তার সঙ্গে ছিলেন। সাধারণ অধিবেশনে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে যৌক্তিক, বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনার জন্য প্রস্তুত। দক্ষিণ এশিয়ার জন্য উসকানিমূলক নয়, বরং সক্রিয় নেতৃত্ব প্রয়োজন। গত এপ্রিল মাসের শেষের দিকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছিলেন। নয়াদিল্লির দাবি, এর সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু ইসলামাবাদ তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।