অবশেষে বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ কার্যকর হচ্ছে ১৫ অক্টোবর থেকে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল এই ট্যারিফ। ব্যবসায়ীদের দাবির মুখে নৌ উপদেষ্টা তা এক মাসের জন্য পিছিয়ে দেয়ার কথা বলেছিলেন। আর সেই আলোকে তা আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকরের পরিবর্তে বর্ধিত ট্যারিফ ১৫ অক্টোবর থেকে কার্যকর করা হবে। ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে যেসব জাহাজ বন্দরে আসবে সকল জাহাজে ভেসেল বিল, কনটেইনার বিল, কার্গো বিল বর্ধিত ট্যারিফ রেট অনুযায়ী আদায়যোগ্য হবে।
আদেশে আরো বলা হয়, নতুন প্রবর্তিত ট্যারিফ রেটের সাথে চট্টগ্রাম বন্দরের বিল প্রস্তুতের সকল সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে ১৪ অক্টোবরের মধ্যে নির্ভুল সিষ্টেম চালু করতে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ানো থেকে শুরু করে কনটেইনার উঠানো ও নামানোসহ সকল সেবার বিপরীতে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ট্যারিফ বেড়েছে। দীর্ঘ ৩৯ বছর পর এই ট্যারিফ বাড়ানো হলো। এই ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে বন্দরের কনসালটেন্ট হিসেবে কাজ করেছে স্পেনের প্রতিষ্ঠান আইডম। সংস্থাটি এশিয়ার ১০টিসহ বিশ্বের ১৭টি আন্তর্জাতিক বন্দরের কার্যক্রম এবং ট্যারিফ পর্যালোচনা করেই চট্টগ্রম বন্দরের ট্যারিফ নির্ধারণ করে।
২০২২ সালের ২৭ এপ্রিল এই ট্যারিফ নিয়ে বন্দর ব্যবহারকারীদের ওয়ার্কশপও অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে অনেক দফা মিটিংয়ের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে গত জুনে ট্যারিফ বাড়ানোর প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত ট্যারিফ নৌ মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৪ জুলাই অর্থ মন্ত্রনালয় অনুমোদন করে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা গেজেট আকারে প্রকাশের পর কার্যকর হওয়ার কথা ছিল। একই ধারাবাহিকতায় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের আগে বন্দর ব্যবহারকারীদের নিয়ে গত ২৫ আগস্ট নৌ মন্ত্রণালয়ে একটি সভা হয়েছিল। সেই সভার পর গত ১৪ সেপ্টেম্বর গেজেট আকারে ট্যারিফ প্রকাশিত হলো। গেজেটে বলা হয়েছে এই ট্যারিফ ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। পরবর্তীতে তা একমাস পিছিয়ে ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে।