হালুয়াঘাটে অবৈধ ১৪ করাতকল সিলগালা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত ১৪টি করাতকলে একযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে করাতকলগুলো সিলগালা করে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে করাতকলগুলোর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত। এ সময় গৌরীপুর সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের বন বিভাগের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

অভিযানে উপজেলার ঋষিপাড়া, বাঘাইতলা এবং পাগলপাড়া এলাকার বিভিন্ন করাতকল চিহ্নিত করে অভিযান চালানো হয়। এসব করাতকল দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই কাঠ চিরাই করে আসছিল, যা বন আইন এবং পরিবেশ সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

গৌরীপুর সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, এর আগেও এসব অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা ও সতর্কতা জারি করা হয়েছিল। মালিকদের লাইসেন্স গ্রহণ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হলেও তারা তা অমান্য করে কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, এ ধরনের করাতকল শুধু বনসম্পদের ক্ষতিসাধনই করছে না, বরং স্থানীয় পরিবেশ ও প্রতিবেশেও নেতিবাচক প্রভাব ফেলছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত বলেন, ‘অবৈধ করাতকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা পরিবেশ রক্ষা, বনসম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে আছি। ভবিষ্যতে কেউ যেন এমন কর্মকা-ে লিপ্ত না হয়, সেজন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’