বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ বুধবার। এই দিনেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি আজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।

আজ ১ অক্টোবর বুধবার সকাল ১০টায় বিসিবির নির্বাচনী কার্যালয় খোলা হওয়ার মিনিট বিশেক পরই তামিম সেখানে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় আছে। দুপুর ২টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন আছে, তামিমের মতো আরও অন্তত আটজন প্রার্থী নির্বাচন থেকে সরে যেতে পারেন।

দেশের ইতিহাসের সেরা ওপেনার তামিমের ক্যারিয়ারের শেষটা ভালো হয়নি। চরম নাটকীয়তার মাঝে তিনি ক্রিকেটকে বিদায় জানান। এরপর চেয়েছিলেন বিসিবিতে এসে ক্রিকেটে অবদান রাখতে। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার ইচ্ছা ছিল তার। তবে সেটা এবার আর হচ্ছে না।

উল্লেখ্য, বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন। এখন দেখার, বিসিবি নির্বাচন ঘিরে এই নাটকীয়তার শেষ কোথায় হয়।