সহসা আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই

আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল বুধবার দুপুর ১টার দিকে বরিশাল নগরীর শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী নাকি অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

সারা দেশে দুর্গাপূজা আনন্দের সঙ্গে উদযাপিত হচ্ছে দাবি করে আসিফ নজরুল বলেন, প্রতিটি ধর্মের মানুষই বাংলাদেশের নাগরিক। ধর্ম পালন প্রত্যেকের সমান অধিকার।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এক মিনিটও থাকার ইচ্ছা আমাদের নেই। আমরা চেয়েছিলাম, বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হয়ে যাক। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে ৯ থেকে ১০টি সংস্কার হয়েছে।’

আইন উপদেষ্টা গতকাল দুপুরে বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুনবাজার-সংলগ্ন শংকর মঠসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এর আগে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে। সে সময় তিনি বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকা- পরিচালনা করতে পারবে না। তারা দল হিসেবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এ কার্যক্রম আবার চালু করা হতে পারে। কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তবে তাদের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবে, সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।’

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকা-ের দায় স্বীকার করেনি এবং সবসময় দায় অন্যের ওপর চাপিয়েছে।