কাপ্তাই হ্রদে নৌকাডুবি

সেনাবাহিনীর প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

রাঙামাটির লংগদু এলাকার বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদমে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযানে যোগ দেয়।

এ ঘটনায় মোট ৫ জন নিখোঁজ হন। সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ও দ্রুত পদক্ষেপে ওই রাতেই ২ জনকে জীবিত ও ১ শিশুর মৃতদেহ উদ্ধার এবং পরদিন সকালে আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে মঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ৬ যাত্রীর মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও এখন পর্যন্ত দুইজন যুবকের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে নিখোঁজদের উদ্ধার অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়। সেনাবাহিনী শুধু নিরাপত্তার অঙ্গীকারেই নয় বরং মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট।