বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে এদিন প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে নেমেছিল মানুষের ঢল।
এর আগে সকাল থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা পূজার অঞ্জলী নিয়ে বিভিন্ন মন্দিরে যান। যেখানে পূজা শেষে সবাই মেতে উঠেন সিঁদুর খেলায়। মন্দিরে ঢাকের শব্দ আর সিঁদুর উৎসব যেন এসময় একাকার হয়ে উঠে। বেলা ১২টা থেকে প্রতিটি মন্ডপে সাজিয়ে রাখা দেবীমূর্তিকে সিঁদুর পরিয়ে, মিষ্টি মুখে দিয়ে একে একে বিদায়ের জন্য প্রস্তুত করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পেোরেশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মূল আয়োজন করা হয়। এছাড়া পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকায় কর্ণফুলী নদীতে, কালুরঘাট এলাকায়, কাট্টলী রানী রাসমনি ঘাটেও প্রতিমা বিসর্জন দেওয়ার ব্যবস্থা করা হয়।
বেলা ১২টার পর থেকে নগরীর বিভিন্ন পূজামন্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে দলে দলে লোক ছুটে যায় পতেঙ্গা সৈকতে। সেখানে আয়োজিত প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় তিনি বলেন, নগরীতে বসবাসকারী সকল ধর্ম বর্ণের মানুষের সহযোগিতায় আমরা এই শহরকে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন বিশেষ অতিথি ছিলেন।