সরকার প্রশাসক নিয়োগ দিলেও তার নেতৃত্ব না মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সাবেক সভাপতি মো. অলিউর রহমান। ডিলারদের এই সংগঠনে প্রশাসককে না জানিয়ে নিজেই সাবেক হওয়া নির্বাহী কমিটির সভা ডেকে বসেছেন। এ নিয়ে সারের ডিলারদের এই সংগঠনে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।
ফলে দেশের সার ব্যবসায়ী ও ডিলারদের এই সংগঠনের অচলাবস্থা কাটছে না। সরকার বাণিজ্যিক এই সংগঠনটিতে প্রশাসক নিয়োগ করলেও নানা জটিলতায় তিনি কার্যক্রম শুরু করতে পারেননি। গত ২১ জুন বিএফএর চেয়ারম্যানের পদে বসা মো. অলিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দিন বিএফএর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা ফায়জুর রহমান বকুলকে জোর করে সরিয়ে দিয়ে তিনি তার চেয়ারে বসেন। এরপর অচলাবস্থার পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমানকে এ অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার। সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই নিয়োগ দেওয়া হয় বলে আদেশে বলা হয়। দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক ও ডিলাররা আতঙ্কের মধ্যে আছেন বলেও ওই আদেশে বলা হয়। যে কারণে অ্যাসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ করা হলো।
নব নিযুক্ত প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়। কিন্তু, এর কিছুদিন যেতে না যেতেই প্রশাসক নিয়োগের বিপক্ষে রিট আবেদন করেন ওয়ালিউর রহমান। তার আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেন। স্থিতাবস্থা জারির নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর স্থিতাবস্থার মেয়াদ আরও বাড়ানোর আবেদন করেন ওয়ালিউর। কিন্তু, গত ২২ সেপ্টেম্বর চূড়ান্ত শুনানিতে তা নাকচ করে দেয় আদালত। অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগকৃত প্রশাসক তার দায়িত্ব পালন করবেন।
বিএফএর প্রশাসক মুস্তাফিজুর রহমান গতকাল বিকেলে দেশ রূপান্তরকে এ বিষয়ে বলেন, আদালত স্থিতাবস্থা বাড়িয়েছে নাকি বাড়ায়নি তা আমাকে অফিশিয়ালি মন্ত্রণালয় থেকে জানানো হয়নি।
জানা যায়, গত ২৪ জুুলাই প্রশাসক নিয়োগ পাওয়ার পর ২৭ জুলাই প্রথম অফিস করেন মুস্তাফিজুর রহমান। সর্বসাকল্যে তিন থেকে চারদিন অফিসে গেছেন তিনি।
এদিকে, বর্তমান প্রেক্ষাপটে আগামী রবিবার যৌথসভা ডেকেছেন ওয়ালিউর রহমান। বিএফএর প্যাডে এ সংক্রান্ত এক সভার বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং সব জেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক যৌথসভা আগামী ৫ অক্টোবর সকাল ১১টায় বিএফএর কেন্দ্রীয় কার্যালয়ে (আল রাজি কমপ্লেক্স) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএফএর চেয়ারম্যান ওয়ালিউর রহমান। আলোচ্যসূচিতে বলা হয়, বিএফএর জেলা ইউনিটসমূহের সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ; সরকার কর্তৃক প্রস্তাবিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ এবং সার ডিলারদের বিদ্যমান কমিশন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ; সার্বিক সার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিএফএর চিঠিতে স্বাক্ষর করেন মো. শাহাদত হোসেন। পদবি লেখা হয় ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা।