এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে তাদের প্রথম সাসটেইনেবিলিটি-লিংকড ঋণ সুবিধা হিসেবে এনভয় টেক্সটাইলস লিমিটেডের সঙ্গে ৩ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ ঋণ পরিবেশবান্ধব শিল্পায়ন ও আধুনিকায়নকে এগিয়ে নেবে এবং গার্মেন্টস খাতে নতুন মানদ- তৈরিতে সহায়তা করবে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এডিবি জানিয়েছে, এটি বাংলাদেশে এডিবির প্রথম সাসটেইনেবিলিটি-লিংকড ঋণ। এ ধরনের ঋণ হলো ভবিষ্যৎমুখী, পারফরম্যান্সভিত্তিক ঋণ সুবিধা, যেখানে পূর্বনির্ধারিত কর্মক্ষমতার সূচক এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অগ্রগতি মূল্যায়ন করা হয়। এনভয়ের জন্য নির্ধারিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস।
ঋণের অর্থ ব্যবহার করা হবে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ার কারখানায় নতুন স্পিনিং ইউনিট নির্মাণ ও নকশা কাজে, যেখানে বছরে অতিরিক্ত ৪ হাজার ৫৫০ টন সুতা উৎপাদন ক্ষমতা যুক্ত হবে। এটি মূলত ডেনিম উৎপাদনে ব্যবহার হবে। নতুন ইউনিট সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও জ্বালানি-সাশ্রয়ী হবে। এ ছাড়া কারখানার ছাদে সাড়ে ৩ মেগাওয়াট ক্ষমতার সৌর প্যানেল বসানো এবং স্বল্পমেয়াদি স্থানীয় কার্যকরী মূলধন ঋণ পুনঃঅর্থায়নেও এই অর্থ ব্যবহার হবে।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, ‘ তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয়। এনভয় দেশের শীর্ষ ডেনিম প্রস্তুতকারক। এডিবি আনন্দিত যে এনভয়কে বাংলাদেশে প্রথম সাসটেইনেবিলিটি-লিংকড ঋণ দিচ্ছে। এটি পরিবেশবান্ধব শিল্পায়ন ও আধুনিকায়নকে এগিয়ে নেবে এবং গার্মেন্টস খাতে নতুন মানদ- তৈরি করবে।’
এনভয়ের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘এডিবির অব্যাহত সহায়তা আমাদের জন্য গর্বের। এই সাসটেইনেবিলিটি-লিংকড ঋণ আমাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে এবং পরিবেশগত প্রভাব আরও কমাতে সহায়তা করবে। এনভয় সবসময় মান, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের সর্বোচ্চ মান ধরে রাখার প্রতিশ্রুতিবদ্ধ।’