সড়কে অসংখ্য খানাখন্দে মানুষের ভোগান্তি

কুমিল্লা শহরে প্রবেশের অন্যতম প্রধান পথ মেজর এম এ গনি সড়ক। শহরের শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণপাড়া হয়ে বুড়িচং উপজেলার মীরপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ সড়কের অধিকাংশ অংশ এখন খানাখন্দে ভরা। বিশেষ করে বুড়িচং উপজেলার শতবর্ষী ভরাসার বাজার এলাকার সাড়ে ৩০০ মিটার অংশ যাত্রী ও চালকদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই সেখানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বাজারের প্রবেশমুখে সড়কের অবস্থা বেহাল।

জানা যায়, ২০২৪ সালের আগস্টে গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়াসহ আশপাশের এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। তীব্র স্রোতের কারণে সড়কটির বিভিন্ন অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ভরাসার, ইছাপুরা ও খাড়াতাইয়া এলাকায় সড়কের পিচঢালাই উঠে গেছে। অনেক জায়গায় সুড়কি পর্যন্ত বিলীন হয়ে গেছে।

এ ছাড়াও বুড়িচংয়ের ভরাসার, ইছাপুরা, খাড়াতাইয়া এলাকায় সড়ক খানাখন্দে ভরা। এসব স্থানের অনেক জায়গায় পিচ ঢালাইয়ের কোনো অস্তিত্ব নেই। খাড়াতাইয়া থেকে বুড়িচং উপজেলা সদর এবং ব্রাহ্মণপাড়া সদর থেকে টাটারা পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। কয়েকটি স্থানে পিচঢালাই ও সুরকিও বিলীন হয়ে গেছে।

সপ্তাহখানেক আগে হওয়া বৃষ্টির পানি জমে সড়কের ভরাসার বাজার অংশ কাদামাটিতে একাকার হয়ে আছে। পুরো সড়ক জুড়ে বড় গর্তে কিছুক্ষণ পরপর আটকে যাচ্ছে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মালামালবহনকারী বিভিন্ন যানবাহন। এই সড়কে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায়।

ভরাসার বাজারের ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে প্রতিদিন কোটি টাকার বেশি লেনদেন হতো, এখন তা নেমে এসেছে প্রায় অর্ধেকে। বাজারে মানুষজন আসা কমিয়ে দিয়েছে। অনেক হোটেল ও দোকান বন্ধ হওয়ার পথে।

এ বিষয়ে ব্যবসায়ী মারুফ বলেন, প্রায় তিন মাস ধরে এই সড়কের অবস্থা ভয়াবহ। প্রতিদিনই এখানে গাড়ি উল্টায়। যাত্রীদের হাত-পা ভাঙছে, মালামাল নষ্ট হচ্ছে। অথচ দেখার যেন কেউ নেই।

অটোরিকশাচালক কামাল জানান, বারবার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে তাকে লাখ টাকা খরচ করতে হয়েছে। কিন্তু যাত্রীদের কাছে সামান্য বাড়তি ভাড়া চাইলে তর্কে জড়াতে হয়।

এ বিষয়ে ভরাসার বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে মালামাল আনা-নেওয়া যায় না। ক্রেতারাও আসেন না। বাজারের প্রবেশপথে মাত্র সাড়ে ৩০০ মিটার সড়কের কারণে আমরা ধ্বংসের পথে।

ইছাপুরার তোফায়েল নামের এক বাসিন্দা বলেন, গত সপ্তাহে আমার প্রাইভেটকার বাজার এলাকায় গর্তে আটকে বাম্পার ভেঙে গেছে।

এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে। তবে ভরাসার বাজারের অংশটি সাময়িকভাবে সংস্কার করে দেওয়া হবে, যাতে মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমে।