প্রতীক পছন্দ করতে এনসিপিকে ইসির চিঠি

খাট, তবলা, লাউ, চিংড়িসহ ৫০টি প্রতীক থেকে নিজেদের পছন্দের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ অক্টোবরের মধ্যে নিজেদের প্রতীক পছন্দ করতে হবে বলে চিঠিতে জানানো হয়েছে। গত মঙ্গলবার ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ইসি জানায়, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়েছিল। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী, প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ প্রতীকটি বর্তমানে অন্তর্ভুক্ত নেই।

এমতাবস্থায়, দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০৮(১) (খ)-এর বিধান সম্পর্কে অবগত করা হয়। ওই বিধান অনুযায়ী, কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দ করা যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং এভাবে বরাদ্দ করা প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে। যদি না দলটি পরে অন্য কোনো প্রতীক লাভের ইচ্ছা প্রকাশ করে।

এই জটিলতা নিরসনে নির্বাচন কমিশন এখন জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী ইসির দেওয়া প্রতীকের তালিকা থেকে এখনো বরাদ্দ হয়নি, এমন একটি প্রতীক দ্রুত পছন্দ করে নিতে বলেছে।

দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য এই পছন্দটি আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে কমিশনকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে এনসিপিকে।

যে ৫০টি প্রতীকের তালিকা এনসিপিকে পাঠানো হয়েছে, সেগুলো হলো আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।