এশিয়া কাপে বাজে কিপিংয়ের জন্য সমালোচিত হয়েছিলেন জাকের আলী অনিক। সেইসঙ্গে তার ব্যাটে রানখরা তো চলছেই। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির পর আবারও তার কিপিং সমালোচিত হচ্ছে। এবার সরাসরি মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক দুই পেসার রুবেল হোসেন এবং শাহাদাত হোসেন রাজীব।
ফেসবুকে রুবেল হোসেন লিখেছেন, ‘আমি সত্যি অবাক হই! যেখানে নুরুল হাসান সোহানকে আমরা বাংলাদেশের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে জানি—ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে বিপিএল পর্যন্ত সে অসাধারণ কিপিং করেছে। আমি জাকের আলীকে দোষ দেব না, সেও ভালো কিপার, কিন্তু অভিজ্ঞতা আর মানের দিক থেকে নুরুল হাসান সোহান অনেক এগিয়ে।’
টিম ম্যানেজম্যান্টের সমালোচনা করতেও ছাড়েননি ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলার অন্যতম এই নায়ক, ‘এমন সিদ্ধান্তগুলো আসলে টিম ম্যানেজমেন্টের কাছ থেকেই আসে। আমার মনে হয় এই ছোট ছোট জায়গাগুলোতে যদি ম্যানেজমেন্ট একটু খেয়াল করে, তাহলে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিনারিও বদলাতে পারে।’
আরেক সাবেক পেসার শাহাদাত হোসেন রাজীবও ফেসবুকে লিখেছেন, ‘নুরুল হাসান সোহান এবং জাকের আলি দুজনেই উইকেট কিপার ব্যাটসম্যান। জাকের আলীর থেকে সোহান সবদিক থেকে ভালো মানের প্লেয়ার। কিপিং, ব্যাটিং, ফিল্ডিং- সবদিক থেকে এগিয়ে থাকবে সোহান। এছাড়া অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে সোহানের। এরপরও অনেক ম্যাচে সোহান এর পরিবর্তে জাকেরকে খেলানো হচ্ছে।’
জাকের একাদশে সুযোগ পাওয়ার যোগ্য নন বলেও মন্তব্য করেছেন সাবেক এই পেসার। তাকে ভারপ্রাপ্ত অধিনায়ক করার সমালোচনায় তিনি লিখেছেন, ‘আমি তো জাকেরকে মূল একাদশেই দেখিনা! সেখানে নুরুল হাসান সোহান থাকতে তাকে অধিনায়ক করা হয় কীভাবে? আমার প্রশ্ন হচ্ছে, সে কি সোহানের থেকে ভালো কিপার? এই দায়ভার কার? কী হয় বাংলাদেশের ক্রিকেট বোর্ডে?’