কেনিয়াকে স্বপ্ন ভেঙে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে আফ্রিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের সেমিফাইনালে ৭ উইকেটে জিতে ফাইনালে উঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে জিম্বাবুয়ে।
১৭তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে। ২০২৬'র টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। জিম্বাবুয়ে এর আগে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল ২০২২ সালে। ২০২৪'র বাছাইপর্বে উগান্ডার কাছে হেরে বিদায় নিয়েছিল।
আগে ব্যাট করা কেনিয়ার ইনিংস থামে ১২২ রানে। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ৪ ওভারে ১৮ রান দেন। ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ১৯ রানে নেন ২ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ব্রায়ান বেনেট মাত্র ২৫ বলে করেন ৫১ রান। সপ্তম ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে দলের জয়ের ভিত গড়ে দেন।
বিশ্বকাপের বাকি তিনটি দল আসবে আগামী বছরের পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাই থেকে।