ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণামূলক দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক উজ্জ্বল হাসানকে (২৮) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উজ্জ্বলের বাড়ির সামনের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। উজ্জ্বলের বাড়ি আঠারবাড়ি ইউনিয়নের শৈলাটি গ্রামে। সে ওই গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, উজ্জ্বল হাসান ডাকাতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়াও তার নামে থানায় আরও দুটি মামলা আছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। সম্প্রতি গোপনে সে বাড়িতে আসে। গোপন সংবাদ পেয়ে উজ্জ্বল হাসানকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘ডাকাতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উজ্জ্বল হাসানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আওতায়ও আনা হয়েছে।’