অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। আজ শনিবার ঘোষিত ওয়ানডে দলে ফিরেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে রোহিতকে ওয়ানেডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টেস্টের মতো ওয়ানডেতেও এখন থেকে ভারতকে নেতৃত্ব দেবেন শুবমান গিল। তবে টি-টোয়েন্টির নেতৃত্ব ধরে রেখেছেন সূর্যকুমার যাদব।
সদ্য এশিয়া কাপজয়ী ভারতের টি-টোয়েন্টি দলটাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যমগুলো। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের পর রোহিত-কোহলির ক্যারিয়ার সংকটে পড়েছিল। শোনা যাচ্ছিল, ওয়ানডে দলেও তাদের সুযোগ হবে না। তবে শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হয়নি।
চমকপ্রদ বিষয় হলো, ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। অথচ তিনি টেস্ট দলে সুযোগ না পেয়ে লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন, জায়গা হয়নি এশিয়া কাপের দলেও। তখন অনেকেই বলেছিলেন, শ্রেয়াসকে বঞ্চিত করা হচ্ছে। শেষ পর্যন্ত তাকে ওয়ানডে দলে রাখা হয়েছে গুরুত্ব দিয়েই। তবে চোটের কারণে কোনো ফরম্যাটেই নেই হার্দিক পান্ডিয়া।
ভারতের ওয়ানডে স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুবমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, রিংকু সিং, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর।