রংপুরের তারাগঞ্জে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিতু মনি (২৩) নামে এক গৃহবধূ। গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। রিতু মনি উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী কাপরিয়াপাড়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রসববেদনা শুরু হলে রিতু মনিকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে বলে জানান। ওইদিন রাতে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
গৃহবধূর স্বামী সজিব মিয়া বলেন, ‘বসতভিটা ছাড়া আমার কিছুই নেই। আল্লাহ একসঙ্গে তিনটি কন্যা সন্তানের বাবা বানিয়েছেন। এতে আমি খুশি হলেও তাদের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় আছি। কৃষিকাজের ওপর চলে আমার সংসার। সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে পরিবারের ওপর চাপ কমবে।’ তারাগঞ্জ ইউএনও রুবেল রানা জানান, এ বিষয়ে খবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।