ঢাকা-যমুনা সেতু মহাসড়কের সিরাজগঞ্জে চলন্ত গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় গাড়িতে থাকা চালক, দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। ডাকাতির পুরো ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ভিডিও করে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। মহাসড়কে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়কের নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানম-ির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন ২৫ থেকে ৩০ বছর বয়সী ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। প্রত্যেকের হাতে তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই ছিল। যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেত দিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ভয়াবহ এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। আহত পাঁচজনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়া রক্তাক্ত এক বৃদ্ধও ছিলেন। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাতে বা ভাঙা কাচের টুকরো লেগে তারা আহত হয়েছেন।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে তা যমুনা সেতুর পশ্চিম থানা এলাকার অধীনে হওয়ায় তারা ব্যবস্থা নেবেন।’
এ ব্যাপারে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘ভিডিওটি আমরাও দেখেছি। ভিডি দেখে মহাসড়ক ঘুরছি। তবে জায়গাটি কোথায় তা নিশ্চিত হতে পারছি না। ঘটনাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কি না, খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’